ঢাকার বাতাস নিয়ে সুখবর নেই, আজও ‘অস্বাস্থ্যকর’

প্রতীকী ছবি
বায়ুদূষণ নিয়ে ঢাকাবাসীর জন্য নেই কোনো সুখবর। আজ রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানী শহরটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এদিন বিশ্বের শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ; একিউআই স্কোর ১৫৬। সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা এইকিইএয়ারের সূচক থেকে জানা গেল এ তথ্য।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো— বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে বেশি রয়েছে প্রায় ১৩ গুণ ।
আজ ঢাকার বাতাসের মান সবচেয়ে দূষিত মিরপুরের সাগুফতায়। তালিকায় এর পরেই রয়েছে মাদানি সরণির বেজ এজওয়াটার আউটডোর, দক্ষিণ পল্লবী, বারিধারা লেকসাইড, গুলশান লেক পার্ক, উত্তর বাড্ডা। এসব এলাকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।



