রাজধানীতে ডাকাতের হানা, প্রাণ গেল গৃহবধূর

সংগৃহীত ছবি
রাজধানীর তুরাগে ডাকাতদের হামলায় রেজিনা মমতাজ (৬৬) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল সোমবার (২ মার্চ) রাতে তারাবির নামাজ চলাকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার ডিউটি অফিসার অপূর্ব দত্ত।
ভুক্তভোগীর স্বজনদের ভাষ্য, রেজিনা মমতাজের স্বামী তারাবির নামাজ পড়তে গেলে ডাকাতরা ঘরে প্রবেশ করে। এরপর মমতাজকে বেঁধে, স্কচটেপ দিয়ে মুখ বেঁধে বাসা থেকে জিনিসপত্র লুট করে চলে যায়।
নিহতের ছেলে রয়সুল আলম বলছিলেন, বাসাটিতে তার বাবা ও মা দুজন থাকতেন। বাবা তারাবির নামাজ পড়তে গেলে, মা একাই ছিলেন বাসায়। বাবা নামাজ শেষে বাসায় এসে দেখেন পুরা বাসার তছনছ করা এবং মাকে বেঁধে রাখা হয়েছে। মাকে উদ্ধার করে দ্রুত ঢাকা স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তুরাগ থানার ডিউটি অফিসার অপূর্ব দত্ত বললেন, তুরাগের ১৫ নম্বর সেক্টরের ই-ব্লকের চার নম্বর সড়কের ১৫ নম্বর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে থানা পুলিশের একটি দল এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

