দুই মামলায় সাবেক মেয়র আইভীর জামিন

ফাইল ছবি
সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার এ আদেশ দেন বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ।
আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, অ্যাডভোকেট এস এম হৃদয়।
গত বছরের ৯ মে রাত ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে গ্রেপ্তার করা হয় আইভীকে। এরপর বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। পরে তাকে ৫ মামলায় জামিন দেন হাইকোর্ট। এরপর তা স্থগিত হয়ে যায় আপিল বিভাগে।
পরে ১৮ নভেম্বর নারায়ণগঞ্জের সাবেক এ মেয়রকে গ্রেপ্তার দেখানো হয় আরও ৫ মামলায়। ২৬ ফেব্রুয়ারি জামিন মেলে সেই সব মামলায়। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে স্থগিত হয়ে যায় জামিন।
এ অবস্থায় সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন করা দুটি (হত্যার অভিযোগ) মামলায় আইভীকে গ্রেপ্তার দেখাতে আবেদন করে সংশ্লিষ্ট থানা–পুলিশ। একটি মামলায় ২ মার্চ ও অপর মামলায় ১২ এপ্রিল গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।



