‘এক-এগারোর’ মাসুদ উদ্দিনের ফের ৭ দিন রিমান্ড আবেদন

ফাইল ছবি
চিকিৎসা শেষে ‘এক-এগারোর’ আলোচিত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ সোমবার মিরপুর মডেল থানায় দেলোয়ার হোসেন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন এ আবেদন করেন।
এদিন মামলায় চার দিনের রিমান্ড শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে।
পুনরায় রিমান্ডের তিনটা কারণ উল্লেখ করে আবেদনে বলা হয়, গত ১১ এপ্রিল আসামি মাসুদকে চার দিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আদেশ মঞ্জুর হয়। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গত ১২ এপ্রিল দুপুর ২টার দিকে অসুস্থবোধ করলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিভিন্ন শারীরিক পরীক্ষা করে সেখানে ভর্তি করা হয় তাকে। চিকিৎসা শেষে আজ সোমবার তাকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে মামলার ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলার তদন্ত অব্যাহত আছে। মাসুদ উদ্দিন চৌধুরীর দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাচাই করার জন্য তাকে পুনরায় সাত দিনের রিমান্ডে নেওয়া একান্ত প্রয়োজন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চালানো হয় হামলা। আসামিরা গুলি ছুড়তে থাকে বিভিন্ন দিক থেকে। এতে আন্দোলনে অংশ নেওয়া দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে, পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ২১ জুলাই সকাল ৭ টা ৪০ মিনিটে মারা যান তিনি। এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহতের স্ত্রী মোছা. লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।
গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় মাসুদ উদ্দিনকে।



