ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার

আদালতে ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মঞ্জিল হায়দার চৌধুরী। ফাইল ছবি
ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরীর বিরুদ্ধে তৃতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শুনানী শেষে আজ বৃহস্পতিবার এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়া।
এদিন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার। এসময় রিমান্ডের পক্ষে শুনানী করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী। আর রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করে আসামিপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।
এর আগে গত ৯ এপ্রিল রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দার চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১০ এপ্রিল নিউমার্কেট থানার হত্যা মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে গোয়েন্দা বিভাগ। শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই রিমান্ড শেষে গত ১৩ এপ্রিল দ্বিতীয় দফায় মঞ্জুর হয় আরও তিন দিনের রিমান্ড।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত হনে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। ঘটনার পর ওই বছরের ২১ আগস্ট নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের শ্যালক আব্দুর রব। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ আসামি করা হয় ১৩০ জনকে।



