খালেদা জিয়ার গাড়িবহরে হামলা
জামিন পেলেন ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশির। ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। ছাত্রজীবনে তিনি মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন।
আজ রবিবার ঢাকার ১৭তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এ তথ্য জানান৷
এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশির।
এর জেরে গত বছরের ১৭ নভেম্বর মধ্যরাতে শিক্ষার্থীরা তাকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন। পরবর্তী সময়ে শাহবাগ থানার এই মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ২০১৫ সালের ২২ এপ্রিল গুলশানের বাসভবন থেকে গাড়ি বহর নিয়ে বের হন। বিকেল সাড়ে ৫টার বাংলামোটর সিগন্যালে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে গাড়িবহরে হামলা করা হয়। গাড়ি ভাঙচুর করে এবং কয়েকজনকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় ২০২৪ সালের ২৩ নভেম্বর শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়।



