খালেদা জিয়ার গাড়িবহরে হামলা
এক দিন পরই ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলুর জামিন বাতিল

ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরের জামিন দেওয়ার এক দিন পরেই তা বাতিল করেছেন একই আদালত। সময়মতো জামিননামা দাখিল না করায় আজ সোমবার ঢাকার ১৭তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন।
ছাত্রজীবনে তিনি মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন লাভলু।
এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আশরাফুল আমিন জানালেন, রবিবার আসামির জামিন হলেও আসামিপক্ষ সময়মতো আদালতে জামিননামা দাখিল করেনি। নির্দিষ্ট সময় পর জামিননামা দিতে এলে তা বাতিল করা হয়েছে।
এর আগে রবিবার এক হাজার টাকা মুচলেকায় এই মামলায় আসামি লাভলুর জামিন মঞ্জুর করেছিলেন আদালত।
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট করেন লাভলু। এ ঘটনার জেরে গত বছরের ১৭ নভেম্বর মধ্যরাতে শিক্ষার্থীরা তাকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন। পরে গত ৫ এপ্রিল শাহবাগ থানার এই মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ২০১৫ সালের ২২ এপ্রিল গুলশানের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বের হন। বিকাল সাড়ে ৫টার বাংলামোটর সিগন্যালে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে গাড়িবহরে হামলা করা হয়। গাড়ি ভাঙচুর এবং কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় ২০২৪ সালের ২৩ নভেম্বর শাহবাগ থানায় মামলা করা হয়।




