হাজার টাকা মুচলেকায় কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন

সংগৃহীত ছবি
গুলশান থানার মামলায় জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর এ এম হাসান নাসিম। অভিযোগ, জাতীয় সংসদের চিফ হুইপকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) জামিনের আদেশ দেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম। এক হাজার টাকা মুচলেকায় আগামী ধার্য তারিখ পর্যন্ত দেওয়া হয় এ আদেশ।
জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী জহিরুল ইসলাম।
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন এলাকার ভাড়া বাসা থেকে শুক্রবার (১৭ এপ্রিল) গ্রেপ্তার হয় নাসিম। পরদিন শনিবার সাত দিনের রিমান্ড চেয়ে হাজির করা হয় আদালতে। রিমান্ড নামঞ্জুর করে পাঠানো হয় কারাগারে।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, চিফ হুইপ নূরুল ইসলাম মনিকে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে ‘সাগর থেকে তিনটি তিমি নিয়ে এসেছি, দুটি হাঙর আসতেছে, ইনশাআল্লাহ, সবার দাওয়াত: চিফ হুইপ’ এই ক্যাপশনে ফেসবুকে পোস্ট করেন আসামি। পরে ওই ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ ও প্রচার করা হয়। অজ্ঞাতনামা আসামির হোয়াটসঅ্যাপ থেকে চিফ হুইপের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরেও বিভিন্ন স্ক্রিনশট পাঠিয়ে ব্ল্যাকমেইল করছিলেন আসামি। উদ্দেশ্যে লাভবান হওয়া।
এ ঘটনায় গুলশান থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে গত ১৮ এপ্রিল (শনিবার) মামলা করেন চিফ হুইপের কর্মী মো. নজরুল ইসলাম।



