মুক্তি পেলেন দেড় মাসের বাচ্চার মা সেই যুব মহিলা লীগ নেত্রী

সংগৃহীত ছবি
বিস্ফোরক ও সহিংসতার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যাওয়া এজাহারভুক্ত আসামি শিল্পী বেগম অবশেষে পেয়েছেন মুক্তি। তার সঙ্গে থাকা দেড় মাস বয়সী নবজাতক শিশুটিকেও কাশিমপুর মহিলা কারাগার থেকে দেওয়া হয়েছে মুক্তি। আজ বুধবার সকালে মুক্তি পান তারা।
এর আগে তাকে জেলে পাঠানো হয় রাজধানীর তেজগাঁও থানার মামলায়।
আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন বিষয়টি।
জানা যায়, আগে জামিন মঞ্জুর হলেও প্রয়োজনীয় কাগজপত্রে বিচারকের সই বাকি থাকায় তাৎক্ষণিক মুক্তি সম্ভব হয়নি। ফলে মা ও শিশুকে কারাগারেই কাটাতে হয় এক রাত। পরে আজ বুধবার সকালে জামিনসংক্রান্ত নথিতে সই সম্পন্ন হলে দ্রুত তা কারাগারে পাঠানো হয় এবং আনুষ্ঠানিকতা শেষে তাদের দেওয়া হয় মুক্তি।
আদালত সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মানবিক বিবেচনায় ৫ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৫ জানুয়ারি করা বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির একাধিক ধারার মামলায় শিল্পী বেগমকে করা হয় আসামি।
তদন্ত কর্মকর্তা জানান, স্থানীয় তদন্ত ও সাক্ষ্যপ্রমাণে আসামির সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ এপ্রিল সন্ধ্যায় তাকে করা হয় গ্রেফতার। পরবর্তী সময়ে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জেলহাজতে রাখার আবেদন মঞ্জুর করেন।
এরপর সমালোচনার মুখে শিল্পীকে জামিন দেন আদলত।



