টিউলিপসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৬ এপ্রিল

ফাইল ছবি
রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুদকের করা মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। একইসঙ্গে বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ বদলি করা হয়েছে মামলাটি। আজ বুধবার মামলাটি বদলি করে অভিযোগ গঠনের এই দিন ধার্য করেন ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ।
এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, এই মামলায় গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে এসেছে। সেইসঙ্গে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়া বদলি করা হয়েছে অন্য আদালতে।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি টিউলিপ ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে গ্রহণ করেন আদালত। ওই দিন তাদের বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। পরে গত ২৬ ফেব্রুয়ারি আসামি টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুমতি চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর। শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেন আদালত। পরে গত ৮ মার্চ বিজি প্রেস থেকে তাদেরকে আদালতে হাজিরে গেজেট প্রকাশের নির্দেশ দেন আদালত।
অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল রিজওয়ানা সিদ্দিক, রাজউক-এর সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর ফ্ল্যাট (ফ্ল্যাট নং বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি (পুরনো), বর্তমানে- ১১৩, ১১বি (নতুন), রোড নং ৭১) দখল নেন ও পরে রেজিস্ট্রি করেন। পরে গত বছরের জুলাই মাসে মামলার তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট করেন আসামি শাহ খসরুজ্জামান। তার রিটের পরিপ্রেক্ষিতে খসরুজ্জামানের তদন্ত তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। পরে চেম্বার আদালতে গেলেও 'নো অর্ডার' আদেশ পায় দুদক। পরে তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদক।



