হত্যা মামলা
রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল

প্রতীকী ছবি
বিএনপির কর্মী মকবুল হত্যার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় করা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লে. কর্নেল (অব.) আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন জামসেদ আলম। এ নিয়ে দুই মামলায় পাঁচ দফায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তার বিরুদ্ধে।
আদালত সূত্রে জানা যায়, দুই দিনের রিমান্ড শেষে আফজালকে হাজির করা হয় আদালতে। এরপর তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপপরিদর্শক তোফাজ্জল হোসেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার ও নার্গিস পারভীন মুক্তি শুনানি করেন রিমান্ডের পক্ষে। রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন আসামিপক্ষের আইনজীবী। উভয় শুনানি শেষে তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে গত ২৯ মার্চ রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন ৩০ মার্চ রাজধানীর মিরপুর মডেল থানার জুলাই আন্দোলনে নিহত দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তির নিহতের মামলায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর হয় তার। এই মামলায় রিমান্ড শেষে গত ৫ এপ্রিল তাকে পাঠানো হয় কারাগারে। ওইদিন তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয় পল্টন মডেল থানার মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর। পরে গত ৮ এপ্রিল এই মামলায় পুনরায় চার দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। সর্বশেষ তার দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয় গত ১২ এপ্রিল।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ২০২২ সালের ৭ ডিসেম্বর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায় এবং ভাঙচুর করে ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে মামলা করেন শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে।



