ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি সাবেক মন্ত্রীর, যেকোনো মূল্যে হাজির করার নির্দেশ

ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি জানিয়েছিলেন সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। পরবর্তী সময়ে প্রসিকিউশনের নির্দেশে ২ ঘণ্টা পর ট্রাইব্যুনালে আনা হয় তাকে।
ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা জানিয়েছেন, অসুস্থতাজনিত কারণে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। আজ বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি জানান তিনি। পরে বিষয়টি ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও চিফ প্রসিকিউটরের কাছে জানান কারা কর্তৃপক্ষ। এ সময় না আসার কারণ জানতে চান তারা। তবে কারা কর্তৃপক্ষের যুক্তি গ্রহণযোগ্য নয় উল্লেখ করে যেকোনো মূল্যে হাসপাতাল থেকে হাজির করতে মৌখিক নির্দেশ দেয় প্রসিকিউশন। সেই নির্দেশের ঘণ্টা দুয়েক পরই ট্রাইব্যুনালে হাজির করা হয় তাকে।
পরে এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।
গত ১১ মার্চ কামরুল ও মেননের অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে আবেদন করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তিনি দাবি করেন, তার মক্কেলদের বিরুদ্ধে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি প্রসিকিউশন। কোনো হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণও দেখাতে পারেনি। এ কারণে তাদের অব্যাহতি চান তিনি।
গত ২ মার্চ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানিয়ে শুনানি শেষ করে প্রসিকিউশন। শুনানিতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে বিভিন্ন উসকানি দিয়েছেন কামরুল ও মেনন। আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের শীর্ষ পদে থেকে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহার এবং কারফিউ জারির প্ররোচনা দিয়েছেন তারা। তাদের ধারাবাহিক ষড়যন্ত্রে গুলি চালানো হয় আন্দোলনকারীদের ওপর।
রাজধানীর বাড্ডাসহ আশপাশ এলাকায় ২৩ জনকে হত্যাসহ এ মামলায় তিনটি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। গত ৩ ফেব্রুয়ারি প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।



