ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে প্রদর্শনী
শিল্পকর্মে সম্প্রীতির বার্তা

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে শিল্পী ও অতিথিরা
ঢাকার গুলশানে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ‘সম্প্রীতি’ শীর্ষক শিল্প প্রদর্শনী। এতে ৩৩ জন খ্যাতিমান সমসাময়িক বাংলাদেশি শিল্পী ও আইসিসিআর স্কলারদের তৈরি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।
অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন শিল্পী রফিকুন নবী, মনিরুল ইসলাম, আবদুস শাকুর, আবদুস সাত্তার, ফরিদা জামান, রঞ্জিত দাস, জামাল আহমেদ, নায়িমা হকসহ অনেকে।
আজ সন্ধ্যায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, চিত্রশিল্পী অধ্যাপক রফিকুন নবী, শিল্পী মনিরুল ইসলাম, অধ্যাপক ফরিদা জামান এবং অধ্যাপক আবদুস সাত্তার প্রদীপ প্রজ্বালন করে প্রদর্শনীর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে প্রণয় ভার্মা বলেছেন, ‘গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ভারত ও বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যের এক মহান প্রতীক, যিনি সৃজনশীলতা, মানবতাবাদ এবং সাংস্কৃতিক সম্প্রীতির আদর্শকে ধারণ করেন এবং দুদেশের সম্পর্ককে সমৃদ্ধ করে চলেছেন।’
আলোচিত ১০ (৭ মে ২০২৬)
০৭ মে ২০২৬
‘সম্প্রীতি’ ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্প্রীতি, পারস্পরিক বোঝাপড়া এবং শিল্প সহযোগিতা উদযাপন করে বলে আয়োজকেরা জানান। এই আর্ট ক্যাম্প ও প্রদর্শনীর কিউরেটর ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক সঞ্জয় চক্রবর্তী।
ভারতীয় হাইকমিশনার বলেছেন, ‘ভারত ও বাংলাদেশের সম্পর্ক অনন্য এবং গভীরভাবে প্রোথিত— যার ভিত্তি হলো অভিন্ন ইতিহাস, ভাষা, সংস্কৃতি এবং মানুষের সঙ্গে মানুষের দীর্ঘস্থায়ী সম্পর্ক। শিল্প এমন একটি শক্তিশালী মাধ্যম যার মাধ্যমে এই সম্পর্কগুলো প্রকাশ পায়, নতুন করে শক্তিশালী হয় এবং সীমান্ত অতিক্রম করে সংলাপ, সহানুভূতি ও সম্প্রীতির জায়গা তৈরি করে।’
বাংলাদেশের প্রয়াত শিল্পী তরুণ ঘোষের প্রতি শ্রদ্ধা জানান ভারতীয় হাইকমিশনার। তরুণ ঘোষ গত এপ্রিল মাসে মৃত্যুবরণ করেন। আয়োজকেরা জানান, তরুণ ঘোষের একটি শিল্পকর্ম এই প্রদর্শনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে তার শিল্প-ঐতিহ্যকে সম্মান জানাতে।
অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পী রফিকুন নবী ও মনিরুল ইসলাম। তারা আশা প্রকাশ করেন, সম্প্রীতি ভবিষ্যতে ভারত ও বাংলাদেশের শিল্পীদের মধ্যে আরও বেশি বিনিময় ও সহযোগিতার পথ তৈরি করবে এবং দুদেশের সাংস্কৃতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানের সাংস্কৃতিক পরিবেশনা পর্বে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শাহনাজ নাসরীন ইলা।
প্রদর্শনীটি ৮ থেকে ১৭ মে পর্যন্ত ঢাকার গুলশানে আইজিসিসিতে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকেরা জানান, প্রদর্শনীটি আয়োজন করা হয়েছে গত ১০–১১ এপ্রিল অনুষ্ঠিত সম্প্রীতি আর্ট ক্যাম্পের ধারাবাহিকতায়।





