বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার পেলেন নৃপেন্দ্রলাল দাশ ও বুলবুল ইসলাম

বুলবুল ইসলাম ও নৃপেন্দ্রলাল দাশ
বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার ২০২৬’ পেয়েছেন রবীন্দ্রসাহিত্য গবেষক অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং রবীন্দ্রসংগীত শিল্পী বুলবুল ইসলাম। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলা একাডেমি।
রবীন্দ্রসাহিত্য গবেষণায় অবদানের জন্য নৃপেন্দ্রলাল দাশ এবং রবীন্দ্রসংগীত চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বুলবুল ইসলামকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম উল্লেখ করেন, আগামী ১১ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
২০১০ সাল থেকে বাংলা একাডেমি এ পুরস্কার প্রদান করে আসছে। প্রতি বছর দুজনকে এ সম্মাননা দেওয়া হয়। পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা। এর সঙ্গে সম্মাননাপত্র, সম্মাননা স্মারক ও পুষ্পস্তবক প্রদান করা হয়।



