দ্রোহ-ভালোবাসায় সমগীতের ২৪ বছর উদযাপন

ছবি: আগামীর সময়
গান-আড্ডায় প্রতিষ্ঠার দুই যুগ উদযাপন করেছে সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ। ২৪ বছর আগে মে দিবসে শ্রমিকদের এক সমাবেশে গান করার মধ্য দিয়ে জন্ম নেয় সংগঠনটি।
শুক্রবার ঢাকার পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে ২৪ বছর পূর্তি উপলক্ষে 'দ্রোহ-ভালোবাসায় ২৪ বছর' শিরোনামে মিলনমেলার আয়োজন করা হয়। এতে গান, স্মৃতিচারণ, সংস্কৃতি ও সংহতির বন্ধনে দিনটিকে উদযাপন করে সমগীত।
দুই যুগ পূর্তিতে সমগীতের ভাষ্য, ‘সর্বপ্রাণের সমাজ বিনির্মাণের সাংস্কৃতিক অঙ্গীকারকে ধারণ করে সমগীত সংস্কৃতি প্রাঙ্গণের দ্রোহ-ভালোবাসায় ২৪ বছরের পথচলা। ২০০২ সালের ১লা মে, শ্রমজীবী মানুষের সঙ্গে একাত্মতায় যে যাত্রার সূচনা, তা আজও অব্যাহত রয়েছে।’
সমগীতের সহ-সভাপ্রধান বীথি ঘোষ আগামীর সময়কে বলেছেন, ‘এই বিশেষ দিনটি আমাদের জন্য কেবল একটি বছরপূর্তি নয়— এটি আমাদের সম্মিলিত স্বপ্ন, সংগ্রাম, ভালোবাসা ও প্রতিশ্রুতির এক মিলনমেলা। দিনটি উদযাপনে আমরা নিজেরা গান-আড্ডায় মেতে থাকি। আমাদের সমমনা বন্ধুরা আসেন। তাদেরকে মৌসুমী ফল দিয়ে আপ্যায়ন করা হয়।’
রাত ১১টায় এশিয়ান টেলিভিশনে একটা সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে গান করবে সমগীত। এছাড়া শ্রমিক দিবসের একাধিক অনুষ্ঠানেও তারা আমন্ত্রিত হয়ে গান করার মধ্য দিয়ে মে দিবস এবং প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে।



