‘আমি শিকাগোর পথে...’ তৃণমূলের পরাজয়ের পর সুবোধ সরকারের পোস্ট

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর কবি সুবোধ সরকারের একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। তিনি দাবি করেছেন, ভোট নিয়ে তার নাম ব্যবহার করে সামাজিক মাধ্যমে যে মন্তব্য ছড়ানো হচ্ছে, তা ভুয়া।
সম্প্রতি দেওয়া এক পোস্টে সুবোধ সরকার উল্লেখ করেন, তিনি বর্তমানে হার্ভার্ড থেকে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি হয়ে শিকাগো সফরে রয়েছেন। এরপর লাতিন আমেরিকায় যাওয়ার কথাও জানান তিনি। সেখানে স্প্যানিশ ভাষায় তার বই প্রকাশের কথা রয়েছে।
একই পোস্টে তিনি লিখেছেন, ‘আমার ছবি দিয়ে ভোট সম্পর্কে যে মন্তব্য ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে, তা আমার নয়। আমি কোথাও কোনো মন্তব্য করিনি।’
তার এ বক্তব্যের পর সামাজিক মাধ্যমে নানা জল্পনা তৈরি হয়েছে। কেউ এটিকে ভুয়া তথ্যের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক অবস্থান বদলের ইঙ্গিত হিসেবে দেখছেন।
সুবোধ সরকার দীর্ঘদিন ধরে তৃণমূলপন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত। বিভিন্ন সময় প্রকাশ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে দেখা গেছে তাকে। মমতার কবিতার বই লাইব্রেরিতে রাখাকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক সরকারি অনুষ্ঠানেও এ বিষয়ে সরব হয়েছিলেন তিনি।
যদিও সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন, তবু একাধিক সরকারি অনুষ্ঠান ও মঞ্চে তার উপস্থিতি রাজনৈতিক পরিচিতিকে আরও স্পষ্ট করেছে। উল্লেখ্য, কয়েকদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন কবি সুবোধ সরকার।



