মে দিবসে আরণ্যকের দিনব্যাপী আয়োজন

ছবি: আগামীর সময়
মে দিবসে নানা আয়োজন সাজিয়েছে আরণ্যক নাট্যদল। শুক্রবার মে দিবসের সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উন্মুক্ত অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজন শুরু হয়ে শেষ হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নাট্য প্রদর্শনীর মাধ্যমে। চার দশকেরও বেশি সময় থেকে নিয়মিত এ আয়োজন করে আসছে তারা।
দিনব্যাপী এই আয়োজনের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই আয়োজনে থাকবে মে দিবসের গান, আলোচনা, মে দিবসের কাগজের প্রকাশনা, আবৃত্তি, বাউলসংগীত ও পথনাটকের প্রদর্শনী। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। বাউলসংগীত পরিবেশন করবেন ভাবনগর সাধুসঙ্গের শিল্পীরা। সবশেষে প্রদর্শিত হবে আরণ্যক নাট্যদল প্রযোজিত পথনাটক ‘মূর্খ লোকের মূর্খ কথা’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন প্রয়াত মান্নান হীরা।
আয়োজনের দ্বিতীয় পর্ব শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। মে দিবসের গানের মাধ্যমে শুরু হবে এই আয়োজন। পরে সন্ধ্যা ৭টায় দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হবে আরণ্যক নাট্যদলের নাটক ‘রাঢ়াঙ’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ।
এই আয়োজনকে কেন্দ্র করে প্রতিবছর ‘মে দিবসের কাগজ’ শীর্ষক একটি পত্রিকা প্রকাশিত হয়। সেই ধারাবাহিকতায় এ বছরও প্রকাশিত হবে বিশিষ্টজনের লেখা সংবলিত একটি নতুন সংখ্যা।
স্বাধীনতাত্তোর নাট্যচর্চায় অগ্রণী ভূমিকা রেখে আসছে আরণ্যক নাট্যদল। দীর্ঘ যাত্রায় আরণ্যক শুধু নগরকেন্দ্রিক নাট্যচর্চার মধ্যেই নয়, সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে যেমন ছুটে গিয়েছে নাটক নিয়ে, তেমনি দেশের প্রতিনিধিত্ব করে বিদেশেও নাটক মঞ্চায়ন করেছে। ১৯৮২ সাল থেকে বিগত ৪৪ বছর ধরে নিয়মিতভাবে মে দিবস উদযাপন করে আসছে আরণ্যক। কোনো নাট্যদল হিসেবে আরণ্যকই প্রথম এ উদ্যোগ গ্রহণ করে।



