১৬ ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর

গ্রাফিকস: আগামীর সময়
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাদের মধ্যে ১৬ জন ডিআইজি ও একজন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা। আজ রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এ প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
এতে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। বাধ্যতামূলক অবসরে পাঠানো এসব কর্মকর্তা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।
অবসরপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ, সিআইডির ডিআইজি হাবিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর, এনএসআইয়ের পরিচালক হারুন-অর-রশীদ এবং পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এস এম আক্তারুজ্জামান। ডিআইজি পিটিসি নোয়াখালীর কমান্ড্যান্ট হায়দার আলী খান, ডিআইজি পিটিসি খুলনার কমান্ড্যান্ট মাহবুবুর রহমান ভূঁইয়া, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি রুহুল আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি রফিকুল হাসান গনি, নৌ-পুলিশের ডিআইজি মিজানুর রহমান এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী।
এ ছাড়াও পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী জিয়া উদ্দিন, রেলওয়ে পুলিশের ডিআইজি গোলাম রউফ খান, ডিআইজি পিটিসি রংপুরের কমান্ড্যান্ট রেজাউল হায়দার, হাইওয়ে পুলিশের ডিআইজি রখফার সুলতানা খানম এবং রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদমর্যাদা) ফারহাত আহমেদও অবসরপ্রাপ্তদের তালিকায় রয়েছেন।
এর আগে ২২ এপ্রিল ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।



