লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

সংগৃহীত ছবি
লিবিয়া থেকে দেশে ফিরেছেন আটকে পড়া ১৭৪ জন বাংলাদেশি। বাংলাদেশ সরকার, লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ সহায়তায় স্বেচ্ছায় প্রত্যাবাসন কর্মসূচির আওতায় আজ বৃহস্পতিবার দেশে ফেরেন তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে করে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তারা এসে পৌঁছান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফেরত আসা এই বাংলাদেশিদের অধিকাংশই লিবিয়া গিয়েছিলেন দালালদের খপ্পরে পড়ে। ইউরোপে যাওয়ার প্রলোভন দেখিয়ে মানব পাচারকারীরা তাদের অবৈধভাবে সমুদ্রপথে লিবিয়ায় নিয়ে গিয়েছিল।
বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি সংস্থা এবং আইওএমের কর্মকর্তারা স্বাগত জানান তাদের।
পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে আইওএমের পক্ষ থেকে প্রত্যেককে যাতায়াত ভাড়া, খাবার, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।
অবৈধ অভিবাসন ও মানব পাচারের বিপদ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ফেরত আসা ব্যক্তিদের নিজেদের তিক্ত অভিজ্ঞতা অন্যদের সামনে তুলে ধরার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সরকারি কর্মকর্তারা জানান, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে বা আটক কেন্দ্রে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও আইওএমর যৌথ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।



