সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মোট মৃত্যু ৭

সংগৃহীত ছবি
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মৃত্যু হয়েছে শামসুল আলম (৬৩) নামে এক বাংলাদেশি হজযাত্রীর। গত মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ইন্তেকাল করেন তিনি। এ নিয়ে চলতি বছর হজ মৌসুমে এখন পর্যন্ত মোট সাতজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।
শামসুল রংপুর জেলার কোতোয়ালি মেট্রো থানার ভোগিবালাপাডার বাসিন্দা। তার পিতার নাম আজিজুল ইসলাম এবং মায়ের নাম শামসুন নাহার। তিনি সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন।
বাংলাদেশ হজ অফিস (মদিনা আল মুনাওয়ারা) সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার শারীরিক দুর্বলতা ও অসুস্থতা নিয়ে মদিনার বাংলাদেশ হজ অফিস মেডিকেল সেন্টারে আসেন শামসুল। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানীয় কিং ফাহাদ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
মরহুমের জানাজা বুধবার ফজর নামাজ শেষে মদিনার মসজিদে নববীতে অনুষ্ঠিত হয় এবং পরে তাকে জান্নাতুল বাকী কবরস্থানে করা হয় দাফন।
ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের বুলেটিন অনুযায়ী, বুধবার পর্যন্ত মোট সাতজন হজযাত্রীর মৃত্যু সংবাদ পাওয়া গেছে। এর মধ্যে পুরুষ পাঁচজন এবং নারী দুইজন। এদের মধ্যে মক্কায় চারজনের এবং মদিনায় মৃত্যু হয় তিনজনের।



