গণঅভ্যুত্থানের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

ফাইল ছবি
চিকিৎসার জন্য যুক্তরাজ্য সফরে যেতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী মাসের প্রথমার্ধে যেকোনো দিন লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন তিনি।
বঙ্গভবনের একটি সূত্র বলছে, রাষ্ট্রপতির চিকিৎসার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পেতে যোগাযোগ করা হচ্ছে। চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সাপেক্ষে চূড়ান্ত হবে সফরসূচি।
এই সফরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে থাকতে পারেন তার সহধর্মিণী ডা. রেবেকা সুলতানা। এছাড়াও ব্যক্তিগত চিকিৎসকসহ ৪ সদস্যের একটি প্রতিনিধিদল তাদের সঙ্গে থাকার কথা রয়েছে।
লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন হবে রাষ্ট্রপতির। এরপর দেশে ফিরবেন তিনি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর এটিই হতে যাচ্ছে রাষ্ট্রপতির প্রথম বিদেশ সফর। এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল তার।



