নিকার বৈঠক
বগুড়া সিটি করপোরেশনসহ নতুন ৫ উপজেলার অনুমোদন

ছবি: আগামীর সময়
দেশে ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়া সিটি করপোরেশন গঠন করা হয়েছে। একই সঙ্গে গঠন করা হয়েছে পাঁচটি নতুন উপজেলাও।
আজ বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অনুমোদন হয় নতুন সিটি করপোরেশন এবং পাঁচটি উপজেলার।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বৈঠকে বগুড়া সিটি করপোরেশন, বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ নামে গঠন করা হয়েছে নতুন উপজেলা।
বিদ্যমান ১২টি সিটি করপোরেশন হলো— ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন, বরিশাল সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশন, রংপুর সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশন এবং ময়মনসিংহ সিটি করপোরেশন।



