বাড়তি দামে ভোজ্য তেল বিক্রি করলেই ডিসিদের অভিযান

বাজারে সম্প্রতি ভোজ্য তেলের দাম বেড়েছে। ফাইল ছবি
অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রয়োজনে অভিযান পরিচালনার কথাও বলা হয়েছে।
এ নির্দেশনা আসে বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া এক জরুরি অফিস আদেশে।
কম সরবরাহের অভিযোগে ভোজ্যতেলের কৃত্রিম সঙ্কট সৃষ্টি হয়েছে বাজারে। খুচরা বিক্রেতাদের অভিযোগ খানিকটা সরবরাহ কমিয়েছে বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। তাদের মতে, আগামী রবিবার ভোজ্যতেলের মূল্য বাড়ানোর প্রস্তাব পর্যালোচনায় বৈঠক করবে বাণিজ্য মন্ত্রণালয়। এর আগেই সরবরাহ কম থাকায় বাজারে সৃষ্টি হয়েছে তেলের সঙ্কট।
জানা গেছে, ভোজ্যতেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন লিটার প্রতি ১২ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়কে।
এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, মূল্য বাড়ানোর প্রস্তাব পর্যালোচনা চলছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে বিশ্লেষণের পর বাড়ানো বা বিদ্যমান মূল্য বহাল রাখার সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।



