কমল জেট ফুয়েলের দাম

প্রতীকী ছবি
বেসামরিক ও সামরিক বিমানের টারবাইন ইঞ্জিনে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ বৃহস্পতিবার নির্ধারণ করা হয় নতুন দাম।
তিন দফায় টানা ১৩২ টাকা বাড়ানোর পর কমানোর সিদ্ধান্ত নেওয়া হলো লিটারে দাম প্রায় ২২ টাকা।
বিইআরসি ঘোষিত নতুল মূল্যে অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে করা হয়েছে ২০৫ টাকা ৪৫ পয়সা।
এ ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম এক দশমিক ৪৮০৬ ডলার (শুল্ক ও মূসকমুক্ত) থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক দশমিক ৩৩৮৫ ডলার। আজ রাত ১২টা থেকে কার্যকর হবে নতুন এই দাম।
চলতি বছরের জানুয়ারিতে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯৪ টাকা ৯৩ পয়সা ছিল। ফেব্রুয়ারি মাসে ১৯ পয়সা বাড়িয়ে লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয় ৯৫ টাকা ১২ পয়সা।
ফেব্রুয়ারির শেষভাগ থেকে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহ বাধাগ্রস্ত হয়। এর সরাসরি প্রভাব পড়ে মার্চ মাসে। প্রথম দফায় ৯৫ টাকা ১২ পয়সা থেকে একলাফে দাম বাড়িয়ে করা হয় ১১২ টাকা ৪১ পয়সা।
২৪ মার্চ মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় দাম বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়। সর্বশেষ এপ্রিলে তা আরও বেড়ে ২২৭ টাকা ৮ পয়সায় পৌঁছায়।



