একদিনে ঝরল আরও ১২ প্রাণ, উদ্বেগ বাড়াচ্ছে হাম

গ্রাফিকস: আগামীর সময়
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে মারা গেছে আরও ১২ জন। তাদের মধ্যে একজন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ১১ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এ নিয়ে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৩৬।
বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। এতে জানানো হয়েছে, গত একদিনে হাম ও এর উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ২ জন এবং বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মোট মৃত্যু হয়েছে ১২ জনের।
হামে আরও ৭ মৃত্যু
০৬ মে ২০২৬
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম শনাক্ত হয়েছে ২৮৬ জনের। এই সময়ে রোগটির উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ২৩৮ জনের মধ্যে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৪৫ হাজার ৪৯৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেল। একই সময়ে হাম শনাক্ত হয়েছে মোট ৬ হাজার ২০৮ জনের মধ্যে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩১ হাজার ৯১২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৮ হাজার ২৩৮ জন।
বিশেষজ্ঞদের মতে, টিকার জোগান বাড়ানো ইতিবাচক হলেও তা যথেষ্ট নয়। সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি, দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা সুবিধা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর বিশেষ নজর না দিলে পরিস্থিতির উন্নতি কঠিন হবে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলছিলেন, ‘দ্রুত টিকাদানের পাশাপাশি রোগী শনাক্ত করে আলাদা রাখা, উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ কর্মসূচি নেওয়া এবং বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা জরুরি।’




