বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১১ পয়সা
- সর্বনিম্ন ভাড়া ১০ টাকাই আছে

সংগৃহীত ছবি
ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া বাড়ানো হয়েছে প্রতি কিলোমিটারে ১১ পয়সা।
সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসের ভাড়া সমন্বয় করল সরকার।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রী এসব কথা বলেন। এদিন বিকেলে জারি করা হয়েছে এ সংক্রান্ত প্রজ্ঞাপন।
মন্ত্রী জানান, নতুন এই ভাড়া কার্যকর হবে আজ থেকেই।
ঢাকা-চট্টগ্রাম মহানগরে বাসভাড়া আগে কিলোমিটারপ্রতি ছিল ২ টাকা ৪২ পয়সা, যা ১১ পয়সা বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। আন্তঃজেলার বাসে ২ টাকা ১২ পয়সা থেকে ১১ পয়সা বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ২৩ পয়সা।
এ ছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এলাকার ক্ষেত্রে ২ টাকা ৩২ পয়সা ভাড়া ছিল। সেটা ১১ পয়সা বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ৪৩ পয়সা। সর্বনিম্ন ভাড়া ১০ টাকাই আছে।
এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নেতৃত্বাধীন বাসভাড়া পুনর্নির্ধারণ কমিটি কিলোমিটারপ্রতি বাসভাড়া ২২ পয়সা বাড়ানোর প্রস্তাব করে। সে প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই বাড়ানো হলো বাসভাড়া।
ট্রেন ও লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এবং বিষয়টি সরকারের বিবেচনায় নেই বলে জানান মন্ত্রী।



