আগামীর সময়

মুক্তিযুদ্ধ ও জুলাই নিয়ে গবেষণায় ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে সরকার

মুক্তিযুদ্ধ ও জুলাই নিয়ে গবেষণায় ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে সরকার

মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও বীরত্বগাঁথা সংরক্ষণে গবেষণার জন্য অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ‘গবেষণা (পরিচালনা, অর্থায়ন ও ব্যবস্থাপনা) নির্দেশিকা ২০২৬’ জারি করেছে। এতে গবেষণার ব্যাপ্তি অনুযায়ী সর্বনিম্ন ৫ লাখ থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত বরাদ্দের বিধান রাখা হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী গবেষণাকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। ক-শ্রেণি (প্রাতিষ্ঠানিক/দলীয়) ১০ থেকে ২৫ লাখ টাকা (মেয়াদ ১২ মাস); খ-শ্রেণি (একক) ৫ থেকে ১০ লাখ টাকা (মেয়াদ ৯ মাস) এবং গ-শ্রেণি (একক) সর্বোচ্চ ৫ লাখ টাকা (মেয়াদ ৬ মাস) দেওয়া হবে।

গবেষণার বিষয়বস্তুর মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, গণহত্যা, বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই, নারী ও শিশুদের ভূমিকা এবং ডিজিটাল আর্কাইভ তৈরি। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের কারণ, রাষ্ট্র সংস্কারের চেতনা, শহীদ ও আহতদের বীরত্বগাঁথা এবং পুনর্বাসনের মতো বিষয়গুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনুদান তিন কিস্তিতে (৪০%, ৪০% ও ২০%) প্রদান করা হবে। বাজেটের সর্বোচ্চ ৫০ শতাংশ সম্মানী হিসেবে গবেষকরা পাবেন এবং বাকি অর্থ তথ্য সংগ্রহ ও প্রতিবেদন প্রণয়নে ব্যয় করতে হবে।

নির্দেশিকায় বলা হয়েছে, নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে বা গবেষণায় কোনো ধরনের ‘চৌর্যবৃত্তি’ প্রমাণিত হলে অনুদানের টাকা ফেরত দিতে হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    শেয়ার করুন: