স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরেও ঘটছে মব : রুমিন ফারহানা

রুমিন ফারহানা। সংগৃহীত ছবি
দেশে একটির পর একটি মবের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কয়েক দফায় আমাদের আশ্বস্ত করেছেন, বাংলাদেশে আর মব হবে না। কিন্তু তার আশ্বাসের পরেও বন্ধ হয়নি মব।’
আজ সোমবার জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে ৭১-বিধির নোটিশের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
‘আমরা দেখলাম, মব করে সরানো হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে। আমরা দেখলাম, বাসসের প্রধানকে মব করা হলো। একই ঘটনা ঘটল বরিশাল আদালত প্রাঙ্গণে এবং সুপ্রিম কোর্ট ল-ইয়ার রুমে। কুষ্টিয়ায় একজন কথিত পীরকে পিটিয়ে মারা হয়েছে কিছুদিন আগে,’ বলছিলেন রুমিন ফারহানা।
স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেছেন, আজ একই ধরনের কথা বলেছেন প্রধানমন্ত্রীও। মানুষ যখন ন্যায়বিচার পায় না, তখনই এ রকম সংস্কৃতি বাড়ে। মানুষের মধ্যে হতাশা আছে, ক্ষোভ আছে, তীব্র বৈষম্য আছে এবং সর্বোপরি আছে দৃষ্টান্তমূলক শাস্তির অভাব। দেড় বছর আগে চট্টগ্রামে মব করে যে লোকটিকে পিটিয়ে মারা হয়েছিল, তার বিচার হয়নি এখন পর্যন্ত।’



