৭ জুন শুরু সংসদের দ্বিতীয় অধিবেশন, আলোচনায় বাজেট

ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামী ৭ জুন। ওই দিন বিকেল ৩টা থেকে শুরু হবে অধিবেশন। এর চার দিন পর ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য। এতে বলা হয়েছে, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী এই অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, রেওয়াজ অনুযায়ী বাজেট প্রস্তাব পেশ করা হয় বৃহস্পতিবার। বাজেট অধিবেশন হওয়ায় দীর্ঘ হবে আসন্ন অধিবেশনটি। ওই দিন অধিবেশন বসার আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ কত দিন চলবে, তা নির্ধারণ করা হবে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে গত ৩০ এপ্রিল। সেই অধিবেশনে পাস হয়েছিল ৯৪টি বিল।
প্রসঙ্গত, সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করেছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।



