ডিলারদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে সরকার

সংগৃহীত ছবি
ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগকৃত ডিলারদের বাদ দেওয়ার বিষয়ে সরকার দ্রুত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২১ এপ্রিল) বিকেলে সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের পর চিফ হুইপ নুরুল ইসলাম মনির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, চিফ হুইপ যখন বক্তব্যটি উপস্থাপন করেন, তখন আমি খেয়াল করেছি মোটামুটি পুরো সংসদ বিষয়টিকে ওয়েলকাম করেছেন। এ ব্যাপারে যদি পুরো সংসদের সম্মতি থাকে, তবে নিশ্চয়ই দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে সরকার।
এর আগে চিফ হুইপ নুরুল ইসলাম বলেছেন, বর্তমানে রেশনিং ও সার বিতরণের দায়িত্বে থাকা ডিলাররা হয়রানি করছেন সাধারণ মানুষকে। বাজারে কৃত্রিম সংকট (আর্টিফিশিয়াল ক্রাইসিস) তৈরির চেষ্টা করছেন তারা।
চিফ হুইপ আরও জানান, কৃষকরা যেন ন্যায্যমূল্যে সার পায় এবং ফ্যাসিস্টরা যেন বিতাড়িত হয়, সেজন্য পুরাতন ডিলার নিয়োগ বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়া প্রয়োজন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। চিফ হুইপের এই বক্তব্যের সময় টেবিল চাপড়ে সেটিকে স্বাগত জানান উপস্থিত সকল সংসদ সদস্যরা।




