বিরোধীদের আপত্তির মুখেই পাস হলো দুই বিল

ফাইল ছবি
বিরোধী দলের তীব্র আপত্তির মুখেই জাতীয় সংসদে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল ২০২৬’ এবং ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬’ পাস করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিল দুটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিরোধী দলের সদস্যরা আপত্তি ও জনমত যাচাইয়ের প্রস্তাব দিলেও কণ্ঠভোটে পাস হয় বিল দুটি।
পাস হওয়া ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল ২০২৬’-এর উল্লেখযোগ্য পরিবর্তন হলো বয়সসীমা বিলোপ। বিদ্যমান আইনে কোনো ব্যক্তির বয়স ৬৫ বছর পূর্ণ হলে তিনি বিএসইসির চেয়ারম্যান বা কমিশনার হিসেবে নিয়োগের অযোগ্য হতেন অথবা বহাল থাকতে পারতেন না পদে। নতুন সংশোধনীতে বাতিল করা হয়েছে এ বিধান।
অন্যদিকে ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬’-এর মাধ্যমে তুলে দেওয়া হয়েছে আইডিআরএর চেয়ারম্যান বা সদস্য পদের বয়সসীমা। আগের আইনে ৬৭ বছর বয়স পূর্ণ হলে এ পদে থাকতে পারতেন না কেউ।
বিল দুটির উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশের আর্থিক ও পুঁজিবাজারের মতো গুরুত্বপূর্ণ খাতে সিদ্ধান্ত নিতে অভিজ্ঞ, দক্ষ ও জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের প্রয়োজন। অভিজ্ঞ ব্যক্তিদের মেধা ও দক্ষতাকে কাজে লাগানোর উদ্দেশ্যেই সময়োপযোগী করা হয়েছে আইনগুলো।
এর আগে বিলটি নিয়ে আলোচনাকালে বয়সসীমা তুলে দেওয়ার বিরোধিতা করেন বিরোধী দলের সদস্যরা। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়, গড় আয়ু বৃদ্ধি এবং অভিজ্ঞদের কাজে লাগানোর স্বার্থেই এ পদক্ষেপ নিয়েছে সরকার।



