সংসদে প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংগৃহীত ছবি
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। আজ বৃহস্পতিবার সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসেন প্রধানমন্ত্রীর প্রাক্তন কলেজের শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
ষষ্ঠ থেকে একাদশ শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির দেড় শতাধিক শিক্ষার্থী সংসদ পরিদর্শনে আসেন। তারা সংসদ ভবনের শপথ কক্ষে আসনগ্রহণ করেন। এ সময় সংসদ ভবনের স্থাপত্যশৈলী এবং আইনপ্রণয়ন সম্পর্কে তাদের একটি সংক্ষিপ্ত উপস্থাপনা পরিবেশন করা হয়।
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বললেন, ‘আমি রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ছিলাম এবং আমার ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোও এই স্কুলের শিক্ষার্থী ছিল।’ এ সময় দেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ছবি তোলেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে খুশি শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনও এ সময় উপস্থিত ছিলেন।
শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং আইনপ্রণয়ন সম্পর্কে ধারণা দিতে শিক্ষামন্ত্রী সংসদে শিশুদের জন্য বরাদ্দ করা ৫০ সিটসহ ১৫০টি সিট বরাদ্দ করতে স্পিকারকে চিঠি দেন। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা সংসদ পরিদর্শন করছেন নিয়মিত।
তারেক রহমান যেহেতু সংসদে ভাষণ দেবেন, তাই শিক্ষামন্ত্রীর মাধ্যমে তিনি প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের আমন্ত্রণ জানান।



