সরকারি কর্মকর্তাদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অর্থ উপদেষ্টা

সংগৃহীত ছবি
রুলস অব বিজনেস ও প্রশাসনিক আইন নিয়ে সরকারি কর্মকর্তাদের সরাসরি পরীক্ষার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
রবিবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আলোচনার একপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পসংক্রান্ত বিভিন্ন আইন-কানুন ও রুলস অব বিজনেস নিয়ে উপদেষ্টাকে বোঝাতে যান।
এ সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে উপদেষ্টা তিতুমীর বলেছেন, আপনারা সরকারি কর্মকর্তা, করেছেন অনেক পড়াশোনা। আইন-কানুন আপনারা অনেক জানেন। কিন্তু আমরাও জানি। সংবিধান, রুলস অব বিজনেস এবং বিজনেস অব অ্যালোকেশন সম্পর্কে আমরাও অবগত।
‘আপনারা এখানে ৬৫ জন আছেন, চলেন পরীক্ষা দিই। কে পাস করে দেখা যাবে’, কর্মকর্তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন।
চ্যালেঞ্জ দেওয়ার পাশাপাশি প্রকল্প অনুমোদনের ক্ষেত্রেও সরকারের অবস্থান পরিষ্কার করেন উপদেষ্টা। তিনি বলেছেন, এখন থেকে নির্বাচনী ইশতেহারের বাইরে কোনো প্রকল্প দেওয়া হবে না। এ বিষয়ে সবাই খেয়াল রাখবেন।
বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



