স্বচ্ছতার সঙ্গে হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- তিন মাস কৃষকদের দেওয়া হবে আর্থিক সহায়তা

সংগৃহীত ছবি
হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে বলেছেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এই নির্দেশ দেন। হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রম পর্যালোচনার জন্য এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রস্তুত করতে হবে। এই তালিকার ভিত্তিতেই আগামী তিন মাস কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
সভায় সিদ্ধান্ত হয়, ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে দ্রুত পৌঁছে দেওয়া হবে আর্থিক সহায়তা। বৃষ্টির কারণে কৃষকরা যেন পরে ক্ষতির মুখে না পড়েন, সেজন্য ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও হয়েছে আলোচনা।
হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেওয়ার কথা গত ২৯ এপ্রিল সংসদে বলেছিলেন সরকারপ্রধান।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশীদ ইয়াসিন উপস্থিত ছিলেন। এ ছাড়া হাওরাঞ্চলের সংসদ সদস্যদের মধ্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, ড. ওসমান ফারুক, ফজলুর রহমান, লুৎফুজ্জামান বাবর, কামরুজ্জামান কামরুল, নুরুল ইসলাম, কলিম উদ্দিন মিলন ও মোহাম্মদ কয়সর আহমদ সভায় অংশ নেন।




