প্রথম হজ ফ্লাইটে সৌদি আরব পৌঁছলেন ৪১৯ জন

হজযাত্রীদের স্বাগত জানাচ্ছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন, কাউন্সিলর (হজ) মোঃ কামরুল ইসলামসহ অন্যরা। ছবি: সংগৃহীত
চলতি বছরের প্রথম হজ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৪১৯ জন বাংলাদেশি হজযাত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে অবতরণ করে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে। এ সময় বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন ও কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম।
হজযাত্রীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে তুলে দেওয়া হয় রিফ্রেশমেন্ট কিট। এ সময় আরও উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের হেড অব অপারেশন ইহাহিয়া রাদি ও হাজিদের অভ্যর্থনায় নিয়োজিত সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট-২০২৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।



