আগামীর সময়

রেল প্রতিমন্ত্রী

ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিবার এক লাখ টাকা করে পাবে

ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিবার এক লাখ টাকা করে পাবে

সংগৃহীত ছবি

কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ব্যক্তিদের পরিবার এক লাখ টাকা করে পাবে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। আজ রবিবার দুপুর ১২টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জানান, রেল কর্তৃপক্ষ ভুক্তভোগীদের জন্য এই টাকা বরাদ্দ করেছে।

হাবিবুর রশিদ জানান, এই দুর্ঘটনায় যাঁরা নিহত হয়েছেন, তাঁদের পরিবারকে এক লাখ টাকা করে রেল থেকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এ ছাড়া কুমিল্লা জেলা প্রশাসন থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহত ব্যক্তিদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ সরকার বহন করবে।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। স্বাস্থ্যমন্ত্রীকেও নির্দেশনা দেওয়া হয়েছে যে যাঁদের চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া প্রয়োজন, তাঁদের যেন সহায়তা করা হয়।

যাদের গাফিলতির কারণে দুর্ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সেইসঙ্গে যে রেলগেটগুলো অরক্ষিত আছে, সরকার সেখানে ওভারপাস অথবা আন্ডারপাস করার বিষয়ে বিবেচনা করছে, যোগ করেন প্রতিমন্ত্রী।

    শেয়ার করুন: