আগামীর সময়

১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে।

মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এ কর্মসূচির মাধ্যমে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল ও জলাশয় খনন করা হবে। এটি বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি ছিল।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলছিলেন, ‘আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জাতীয় খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। একই দিনে আরও ৫৪টি জেলায় সংশ্লিষ্ট জেলার মন্ত্রী এবং সংসদ সদস্যরা স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে এ কর্মসূচি উদ্বোধন করবেন।’

‘এ কর্মসূচি হবে চার বছর মেয়াদি। প্রধানমন্ত্রীর নির্বাচনি অঙ্গীকার ঘোষণা অনুযায়ী ২০ হাজার কিলোমিটার খাল আমরা খনন করব ইনশাআল্লাহ’, সরকারের প্রতিশ্রুতির কথা স্মরণ করেন প্রতিমন্ত্রী।

পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান মীর শাহে আলম।

    শেয়ার করুন: