বর্ষা শুরুর আগেই চাঁদপুর-ফেনী যাবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের একথা জানান।
এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পানিসম্পদ ব্যবস্থা নিয়ে বৈঠক হয়। মন্ত্রী বলেছেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষা ও সম্ভ্যবতা জরিপ প্রায় সম্পন্ন হয়েছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।
এক প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী উল্লেখ করেন, খালখনন কর্মসূচি চলমান। বর্ষা মৌসুম শুরুর আগে চাঁদপুর ও ফেনীতে খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
তিনি ব্যাখ্যা করেন, ‘আগামী ১৬ মে প্রধানমন্ত্রী চাঁদপুরে যাচ্ছেন। সেখানে অনেকগুলো কর্মসূচি রয়েছে এবং তিনি সেখানে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। সারা বাংলাদেশে ইতিমধ্যে যেসব জেলায় তিনি যাচ্ছেন খাল খনন কর্মসূচি অগ্রাধিকার দিচ্ছেন।’
‘আমরা আগামী পাঁচ বছরব্যাপী সারা বাংলাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি। সে অনুযায়ী প্রধানমন্ত্রী ইতিমধ্যে কয়েকটি জেলায় গিয়ে খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। আমাদের মন্ত্রী এমপিরা সবাই যার যার এলাকায় এই কর্মসূচি অব্যাহত রেখেছেন। যেহেতু বর্ষাকাল প্রায় চলে এসেছে। হয়তোবা আমরা এই মে মাস পর্যন্ত এই কর্মসূচি কন্টিনিউ (চলমান) রাখতে পারব। বর্ষা শেষে আবার আগামী নভেম্বর ডিসেম্বর জানুয়ারির দিকে আমরা এই খাল খনন কর্মসূচি কন্টিনিউ করব’, যোগ করেন শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।




