উপকূলসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ফাইল ছবি
দেশের কয়েকটি জেলায় রোববার সকাল ৯টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার রাত ৯টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার জন্য দেওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া। এ সময় হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। এসব এলাকার নৌবন্দরকে দেখাতে বলা হয়েছে ২ নম্বর সতর্ক সংকেত।
এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে দমকা বা ঝড়ো হাওয়া। এর সঙ্গে সম্ভাবনা রয়েছে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির। এসব এলাকার নৌবন্দরকে দেখাতে বলা হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত থাকতে পারে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা। কোথাও কোথাও সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারি এবং অতিভারি বৃষ্টিপাতের।
পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় হতে পারে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। একই সময়ে সম্ভাবনাও রয়েছে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণের।



