দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
অনলাইন ডেস্ক

প্রতীকী ছবি
দুপুরের মধ্যে দেশের ছয়টি জেলার ওপর দিয়ে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসব জেলার নদীবন্দরে দেখাতে বলা হয়েছে সতর্কতা সংকেত। আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, আজ ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে দেখাতে বলা হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত।
এদিকে আজ রাজধানী ঢাকায় বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে রাজধানীতে আজ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হতে পারে বলে জানায় অধিদপ্তর।

