মে মাসে তাপপ্রবাহের সঙ্গে ঝড়-বৃষ্টির আভাস, ঘূর্ণিঝড়েরও আশঙ্কা

সংগৃহীত ছবি
চলতি মে মাসে দেশে বয়ে যেতে পারে এক থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, যার মধ্যে একটি আশঙ্কাও রয়েছে তীব্র তাপপ্রবাহের। একই সঙ্গে কালবৈশাখী ঝড়, বজ্রসহ বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, মাসজুড়ে বিক্ষিপ্তভাবে থাকতে পারে পাঁচ থেকে আট দিন মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা ওঠানামা করবে ৩৬ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং কোনো কোনো সময়ে তা রূপ নিতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে তীব্র তাপপ্রবাহে।
এছাড়া দুই থেকে তিন দিন সম্ভাবনা রয়েছে তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাতসহ বৃষ্টির। পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে।
বঙ্গোপসাগরে এ সময়ে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি রূপ নিতে পারে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে।
নদ-নদীর পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে, তবে বিচ্ছিন্ন ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নদীর পানি বাড়তে পারে সাময়িকভাবে।
কৃষি আবহাওয়ার তথ্যে বলা হয়েছে, এ মাসে দৈনিক গড় বাষ্পীভবন থাকতে পারে ৩ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৫ মিলিমিটার এবং সূর্য কিরণকাল ৫ দশমিক ৫ থেকে ৭ দশমিক ৫ ঘণ্টা।



