বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে ১৩ জেলায় ঝড়ের আশঙ্কা

সংগৃহীত ছবি
দেশের ১৩টি জেলায় বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বুধবার রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, যশোর, কুষ্টিয়া, খুলনা, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে হতে পারে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।
এসব এলাকার নদীবন্দরগুলোকে দেখাতে বলা হয়েছে ১ নম্বর (পুনঃ ১ নম্বর) সতর্ক সংকেত।
এদিকে বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় সম্ভাবনা রয়েছে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারা দেশে সামান্য কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা।



