মির্জা ফখরুল
বাংলাদেশিদের সমগ্র সত্তাকে ধারণ করে আছে বাংলা নববর্ষ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর । ফাইল ছবি
নতুন বছরকে স্বাগত জানিয়ে আজ সোমবার বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বর্ণনা করেছেন, বাংলাদেশিদের সমগ্র সত্তাকে ধারণ করে আছে বাংলা নববর্ষ।
‘পহেলা বৈশাখ-১৪৩৩, বাংলা সনের প্রথম দিন। বাংলাদেশিদের সমগ্র সত্তাকে ধারণ করে আছে বাংলা নববর্ষ। বৈশাখের উষালগ্ন থেকেই ছায়াসুনিবিড় শান্তির আশ্রয়ের মতো আমাদের মনকে ভরিয়ে তোলে বৈশাখী উৎসব। নববর্ষের প্রথম প্রহরে আমাদের অগণিত সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন,‘ নববর্ষের শুভেচ্ছা বার্তায় জানালেন মন্ত্রী।
‘বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক আলোকিত আনন্দময় উৎসব। উৎসবে বৈরিতা, দ্বন্দ্ব থাকবে না; প্রাণপ্রাচুর্য্যে সঞ্চারিত হবে সবার হৃদয়। উৎসব সংহতিরও প্রতীক,’ যোগ করেছেন তিনি।
পহেলা বৈশাখ থেকেই নতুন বছরকে বরণ করে নেওয়ার আকুলতা শুরু হয় বলে অভিমত ব্যক্ত করেছেন মির্জা ফখরুল। তার ভাষ্য, নতুন বছর মানেই অতীতের সকল ব্যর্থতা, জ্বরাজীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও উৎসাহে নতুন গতিশীল কর্মপ্রবাহে সুন্দর, সমৃদ্ধ আগামী নির্মাণ করা।
গত বছরের নানা ঘটনা ও দুর্ঘটনার অভিঘাত পেরিয়ে আমাদের শান্তি, স্বস্তি, সুস্থতা ও সহাবস্থান ফিরিয়ে আনতে হবে। নতুন বছর আদর্শ জীবন- এই শিক্ষা ও উন্নত সংস্কৃতির তাগিদ সৃষ্টি করে। মানুষে মানুষে বিচ্ছিন্নতা ও বিভাজন দূর করে পহেলা বৈশাখ ভরে উঠুক পারস্পরিক শুভেচ্ছায়। মানুষে মানুষে বিচ্ছিন্নতা ও বিভাজন দূর করে উৎসবে ভরে উঠবে পহেলা বৈশাখ।
তিনি উল্লেখ করেন, ইতিহাসে বাংলাদেশিদের স্বাতন্ত্র্যধর্মের পরিচয় মেলে। ধর্ম-লোকাচার, রাজনীতি, সাহিত্য-সংস্কৃতির পরিমন্ডলে এই স্বাতন্ত্র্যবোধ বাংলাদেশিদের মানসলোকের বিশেষত্ব। প্রতিটি উৎসবের অন্তস্তলে থাকে ধনী-নির্ধন নির্বিশেষে সব মানুষের মিলন, পরোক্ষে একটি জাতির নানা সম্প্রদায়, ধর্ম-গোষ্ঠীকে সংযুক্ত করে নানাভাবে।’
নতুন বছরে সবার জন্য সুখ ও শান্তি প্রার্থনা করেছেন মির্জা ফখরুল।



