এবার ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

মহাদেব ঘোষ। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যুর খবর পুরনো হওয়ার আগেই জানা গেল, ফ্রান্সেও এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। যে মৃত্যুর কারণ এখনো অজানা।
নিহত শিক্ষার্থীর নাম মহাদেব ঘোষ (২৪)। তিনি ফ্রান্সের প্যারিস বিজনেস স্কুলের এমবিএ প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন। গত জানুয়ারিতেই উচ্চশিক্ষার জন্য দেশ ছেড়েছিলেন মহাদেব। তিনি ঝিনাইদহের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শ্যামল কুমার ঘোষ ও সাগরদীপা ঘোষ রায়ের ছেলে।
প্যারিসে মহাদেবের স্থানীয় অভিভাবক আশরাফ হোসেন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি জানান, গত রবিবার রাতে আবাসিক হোস্টেলের বাথরুম থেকে মহাদেবের লাশ উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কো-অর্ডিনেটর এমিলি টেলিফোনে প্রথমে বিষয়টি মহাদেবের পরিচিতজনদের জানান।
খবর পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এরই মধ্যে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর কারণ জানাবে পুলিশ।



