পারিবারিক অবকাশ যাপনে ইউরোপের সেরা শহর পর্তুগালে

সংগৃহীত ছবি
পারিবারিক অবকাশ যাপনের জন্য ইউরোপের সেরা দুটি শহর পর্তুগালে অবস্থিত। ১৫০টি শহর বিশ্লেষণ করে টুই মিউজমেন্ট নামক গবেষণা সংস্থা এ তথ্য প্রকাশ করেছে।
১০ এর মধ্যে ৯.১৬ পয়েন্ট পেয়ে লিসবন তালিকার শীর্ষে রয়েছে। শহরটিতে প্রতি ১০ বর্গকিলোমিটারে ১৭টি পার্ক এবং ৩৭টি পরিবারবান্ধব হোটেল রয়েছে। আবাসন ব্যবস্থার পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য লিসবন ১০-এর মধ্যে ৭.৩৬ স্কোর পেয়েছে, যা অবসর যাপনের স্থান থেকে শুরু করে আইসক্রিমের দোকান পর্যন্ত বিস্তৃত বিভিন্ন বিকল্পের উপস্থিতি তুলে ধরে।
আর পোর্তো শহর ১০-এর মধ্যে ৯.০১ স্কোর নিয়ে র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছে। ইনভিক্টা (পোর্তো)-তে প্রতি ১০ বর্গকিলোমিটারে ১৩টি পার্ক এবং ৩২টি ফ্যামিলি হোটেল রয়েছে। সপরিবারে আপনারা নদীর পাশে হেঁটে বেড়াতে এবং শহরের সবুজ স্থানগুলো উপভোগ করতে পারেন, যা মাতোশিনহোস সৈকত থেকে খুব বেশি দূরে নয়।
সেরা ৫টি পারিবারিক ছুটির গন্তব্যের মধ্যে ইতালির নেপলস, লিসবন ও পোর্তোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। ইতালিতেই কাতানিয়া চতুর্থ স্থানে এবং এরপরই রয়েছে স্পেনের বার্সেলোনা।
এই সমীক্ষায় অন্যান্য বিষয়ের পাশাপাশি শিশুদের বিনোদনের ব্যবস্থা (যেমন থিম পার্ক, আইসক্রিমের দোকান, খেলার জায়গা এবং সুইমিং পুল); যেকোনো বয়সের জন্য উপযুক্ত বিভিন্ন ধরনের কার্যকলাপ; পরিবারবান্ধব আবাসনের প্রাপ্যতা এবং গ্রীষ্মকালীন আবহাওয়ার পরিস্থিতি বিশ্লেষণ করে এ সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে যে, লিসবন এবং পোর্তো পরিবারের জন্য আদর্শ গন্তব্য।
এই সমীক্ষায় পারিবারিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে পরিবারগুলোর সিদ্ধান্ত সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। সবচেয়ে জনপ্রিয় পরিকল্পনাগুলোর মধ্যে থিম পার্ক বিশেষভাবে উল্লেখযোগ্য, এরপরই রয়েছে নৌবিহার এবং বাইরের বিভিন্ন কার্যকলাপ।



