সৌদি আরব পৌঁছেছেন ৪৬ হাজার ৫১৪ হজযাত্রী, মারা গেছেন ৯ জন

ফাইল ছবি
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন ৪৬ হাজার ৫১৪ হজযাত্রী। ১১৮টি হজ ফ্লাইটে সেখানে পৌঁছেছেন তারা। তাদের মধ্যে সেখানে মারা গেছেন ৯ জন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে এ তথ্য।
বুলেটিনে জানানো হয়েছে, হজযাত্রীদের মধ্যে সরকারি মাধ্যমে ৪ হাজার ৭১ জন ও বেসরকারি মাধ্যমে গেছেন ৪২ হাজার ৪৪৩ জন। এদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৪টি ফ্লাইটে গেছেন ২১ হাজার ৯১০ জন, সৌদি এয়ারলাইনসের ৪৩টি ১৬ হাজার ১১০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৮ হাজার ৪৯৪ জন হজযাত্রী।
এদিকে হজে গিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৯ জন বাংলাদেশি। তাদের মধ্যে ৭ জন মক্কায় ও ২ জন মদিনায় মারা যান। মারা যাওয়াদের মধ্যে একজন নারী রয়েছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন ৭৩ হাজার ৯৩৫ জন।
চাঁদ দেখা সাপেক্ষে, ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আগামী ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হবে।



