হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু

কোলাজ: আগামীর সময়
চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তাদের মধ্যে আট পুরুষ ও দুই নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন আটজন এবং মদিনায় দুজন।
বুধবার (৬ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টালের মৃত্যুসংক্রান্ত তথ্যে এসব তথ্য জানা গেছে।
পোর্টাল সূত্রে জানা যায়, এ বছর হজে গিয়ে প্রথম মৃত্যু হয় গত ২১ এপ্রিল। ওইদিন জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫) মারা যান। এরপর ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০), ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪) মারা যান।
এ ছাড়া ২৭ এপ্রিল শেরপুরের শ্রীবরদীর মো. আব্দুল্লাহ আল মামুন (৫৮) ও জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১), ২৮ এপ্রিল রংপুরের কোতোয়ালি মেট্রোর মো. শামসুল আলম (৬৩) মারা যান।
পরে ৩ মে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেলের মাহফুজা বেগম (৫২) ও ফরিদপুর সদরের মো. নাসিরউদ্দিন বিশ্বাস (৫৮), এবং ৪ মে ঠাকুরগাঁওয়ের হরিপুরের মোছা. নিলুফা বেগম (৫৭) মারা যান।
সৌদি আরবের আইন অনুযায়ী, হজ করতে গিয়ে কোনো ব্যক্তি মারা গেলে তার মরদেহ সেখানেই দাফন করা হয়। মরদেহ নিজ দেশে নেওয়ার অনুমতি দেওয়া হয় না। পরিবার-পরিজনের আপত্তিও গ্রহণ করা হয় না।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ১৮ এপ্রিল শুরু হয়েছে। আগামী ২১ মে পর্যন্ত ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার শেষ ফ্লাইট আগামী ৩০ জুন।



