কোরআনের বাণী
অহংকার নয়, বিনয়েই মানুষের সৌন্দর্য
- দম্ভ নয়, নম্রতাই মুমিনের পরিচয়
- অহংকারের পরিণতি ও বিনয়ের মর্যাদা

প্রতীকী ছবি
কোরআনুল কারিমের বার্তা
সুরা : লোকমান, আয়াত : ১৮
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে
১৮. আর তুমি মানুষের প্রতি অবজ্ঞাভরে তোমার গাল বাঁকা কর না এবং যমীনে উদ্ধতভাবে বিচরণ কর না; নিশ্চয় আল্লাহ কোনো উদ্ধত, অহংকারীকে পছন্দ করেন না।
সংক্ষিপ্ত ব্যাখ্যা
পবিত্র কোরআনের সুরা লোকমানের এই আয়াতটিতে লোকমান (আ.) প্রিয় পুত্রকে দেয়া উপদেশের পঞ্চম উপদেশ হিসেবে বলছেন যে, মানুষের সাথে সাক্ষাত বা কথোপকথনের সময় মুখ ফিরিয়ে রেখো না। যা তাদের প্রতি উপেক্ষা ও অহংকারের নিদর্শন এবং ভদ্রোচিত স্বভাব ও আচরণের পরিপন্থী। এর আরেক অর্থ হলো, মানুষের প্রতি গাল বাঁকা করে কথা বলো না। এ অর্থ অনুসারে তার প্রতি তাকিয়েও যদি গাল বাঁকা করে তাকে অপমান করা উদ্দেশ্য হয় তবে তাও নিষিদ্ধ হবে। (তাফসিরে কুরতুবী, ফাতহুল কাদীর)
আয়াতের দ্বিতীয় অংশে বলা হয়েছে, ‘যমীনে উদ্ধতভাবে বিচরণ কর না’ অর্থাৎ গর্বভরে ঔদ্ধত্যের সহিত বিচরণ করো না। আল্লাহ ভূমিকে যাবতীয় বস্তু হতে নত ও পতিত করে সৃষ্টি করেছেন। তোমাদের সৃষ্টিও এ মাটি দিয়েই। কাজেই তোমরা এর উপর দিয়েই চলাফেরা করার সময় র। আত্মাভিমানীদের অনুসরণ করে অহংকারভরে বিচরণ করো না। আল্লাহ কোনো অহংকারী আত্মাভিমানীকে পছন্দ করেন না। হাদিসে এসেছে, রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যার অন্তরে শরিষা দানা পরিমান ঈমান আছে সে জাহান্নামে যাবে না, পক্ষান্তরে যার অন্তরে শরিষা দানা পরিমান অহংকার আছে সে জান্নাতে যাবে না।’ (মুসলিম, হাদিস : ১৩২)
আয়াতের শেষাংশে বলা হয়েছে ‘নিশ্চয় আল্লাহ কোনো উদ্ধত, অহংকারীকে পছন্দ করেন না’ আয়াতের আরবী শব্দ ‘মুখতাল’ মানে হচ্ছে, এমন ব্যক্তি যে নিজেই নিজেকে কোনো বড় কিছু মনে করে। আর ‘ফাখুর’ তাকে বলে, যে নিজের বড়াই করে অন্যের কাছে। (তাফসিরে ইবন কাসির)
মানুষের চালচলনে অহংকার, দম্ভ ও ঔদ্ধত্যের প্রকাশ তখনই অনিবাৰ্য হয়ে ওঠে, যখন তার মাথায় নিজের শ্রেষ্ঠত্বের বিশ্বাস ঢুকে যায় এবং সে অন্যদেরকে নিজের বড়াই ও শ্রেষ্ঠত্ব অনুভব করাতে চায়। (ফাতহুল কাদীর)



