মেয়র হলে দিতে হবে না ময়লার বিল, প্রতিশ্রুতি আসিফের

সংগৃহীত ছবি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র নির্বাচিত হলে বাসিন্দাদের ময়লার বিল দিতে হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
গতকাল শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন তিনি।
পোস্টে উল্লেখ করেছেন এসসিপির মুখপাত্র, মেয়র পদে নির্বাচিত হলে মওকুফ করা হবে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের ময়লার বিল। পরিকল্পনাটি এমনভাবে বাস্তবায়ন করা হবে যাতে আর্থিক ক্ষতির মুখে না পড়েন পরিচ্ছন্নতাকর্মীরাও।
ফেসবুকে দেওয়া এ পোস্টটি ইতোমধ্যে জন্ম দিয়েছে ব্যাপক আলোচনার। কয়েক ঘণ্টার মধ্যে এতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন বিপুলসংখ্যক ব্যবহারকারী।
এর আগে গত ২৯ মার্চ রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ১২টি সিটি করপোরেশনের মধ্যে ৫টিতে মেয়র প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। সেদিন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ঘোষণা করা হয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম।
দলটির ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরিফুল ইসলাম আদিব, কুমিল্লায় অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সিলেটে অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল এবং রাজশাহীতে মো. মোবাশ্বের আলী।



