ভোট পাহারায় রাত জাগার আহ্বান মমতার, লোডশেডিং নিয়ে অভিযোগ

সংগৃহীত ছবি
ভোট গণনার আগে রাত জেগে স্ট্রংরুম পাহারা দিতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তার অভিযোগ, বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে লোডশেডিং করে বন্ধ রাখা হচ্ছে সিসিটিভি।
রবিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানিয়েছেন তিনি।
‘সতর্ক থাকুন, পাহারা দিন, রাত জাগুন, অভিযোগ করুন’ শিরোনামের ওই বার্তায় বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন এলাকা থেকে এমন খবর আসছে যেখানে বারবার বিদ্যুৎ বন্ধ করা হচ্ছে এবং স্ট্রংরুমে চলাচল করছে সন্দেহজনক যানবাহন।
তার ভাষ্য, হুগলির শ্রীরামপুর, নদীয়ার কৃষ্ণনগর, বর্ধমানের আউশগ্রাম এবং কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রসহ কয়েকটি স্থানে ঘটেছে এ ধরনের ঘটনা। সেখানে দফায় দফায় লোডশেডিং করে বন্ধ রাখা হচ্ছে সিসিটিভি।
দলীয় কর্মীদের উদ্দেশে তিনি উল্লেখ করেছেন, নিজেও রাত জেগে পরিস্থিতির ওপর রাখছেন নজর। একইভাবে সবাইকে স্ট্রংরুমে জনগণের ভোট পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন। কোথাও সন্দেহজনক কিছু ঘটলে তাৎক্ষণিকভাবে ঘিরে ধরতে, অভিযোগ জানাতে এবং সিসিটিভি ফুটেজ দাবি করতে নির্দেশও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পোস্টে তিনি দাবি করেছেন, এসব কর্মকাণ্ডের পেছনে রয়েছে বিজেপির ঘনিষ্ঠ ভূমিকা।



